Showing posts with label oven gloves DIY. Show all posts
Showing posts with label oven gloves DIY. Show all posts

Monday, September 26, 2016

নিজেই বানান ওভেন গ্লাভস

ওভেনের জন্য আমি যে গ্লাভস সেট টা কিনেছিলাম, সেটাতে ছিল এক টা হাতের গ্লাভস আর একটা ছোট গোল টুকরা গরম পাত্র ধরার জন্য। আমি ওভেন খুব একটা ব্যবহার করিনা। কিন্তু মনে হচ্ছিল, দুই হাতে গ্লাভস হলে বোধহয় ভারী গরম পাত্র নামাতে বেশি সুবিধা হবে। এই গ্লাভস জোড়া বানিয়েছি আমি উপহার দিতে।

আপনাদের বলছি, কিভাবে আমি জিনিসটি তৈরী করেছি।
স্বাগত আমার শখের দুনিয়া: শখের ব্লগে।

যা যা লাগবে-
কাগজ
মোটা সূতি বা গেঞ্জির কাপড়- আধাগজ
পুরানো টাওয়েল একটা
কাপড়ের শপিং ব্যাগ
সুই সুতা
কেঁচি
সেলাই মেশিন- ১৬ নম্বরী সুঁই হলে ভাল

প্রথমে হাতের মাপ নিয়ে নিন। কাগজে শুধু বুড়া আঙুলটি আলাদা করে আকুন। বাকি আঙুলের বাইরে প্রায় পোনে এক ইঞ্চি জায়গা রেখে এঁকে নিন।
কাগজটি কেটে নিন। এটাই আপনার দুই হাতের গ্লাভসের মাপ বা প্যাটার্ন। কাপড় গুলো জোড়ার আগে শুধু লক্ষ্য রাখবেন হাত অনুযায়ী সামনে ভিতরের কাপড় গুলো ঠিক মত সেলাই করছেন কিনা। তাহলে আর ডান বামের আলাদা মাপ নিতে হবেনা।

আমি এক হাতের গ্লাভসের কথাই বলছি বর্ণনার সুবিধার জন্য। দুই হাতের বানানোর সময় আপনাকে একই কাজ দুই বার করতে হবে।
অথবা দুই সময়ে বানান। তাড়াহুড়া করতে গেলে ডান বাম উল্টাপাল্টা হয়ে যায়।

বাইরের দিকে লাগানোর জন্য একটি উজ্জ্বল রঙের কাপড় বেছে নিন। এই কাপড়টি কাগজের মাপ নিয়ে আগেই কেটে ফেলবেন না।
যেহেতু আঁকাবাঁকা করে সেলাই করতে হবে, আর সেলাইয়ের সময় কাপড় সরে যায়, তাই সহজে সেলাই করার জন্য সবার বাইরের কাপড়টা বড় থাকলে সুবিধা হয়।
আর যদি কাপড় কেটে নিতে চান, তাহলে সেলাইয়ের আগে বড় বড় ফোড় দিয়ে আটকে নিন। বা পিন দিয়ে।

সবচেয়ে ভিতরে থাকবে কাপড়ের ব্যাগের কাপড়টি। মাঝে টাওয়েল। তবে আপনি টাওয়েলের বদলে অন্য সুতি কাপড় কয়েক লেয়ারে নিতে পারেন। ভিতরে ব্যাগের কাপড়টি দিলে গ্লাভসটি কুঁচকে যাবেনা বা নেতিয়ে যাবেনা, টানটান থাকবে, আর গরম ভাপও হাতে লাগবেনা।
টাওয়েল এবং ব্যাগের কাপড় কাগজের প্যাটার্ন বসিয়ে কেটে নিন।
তিন লেয়ার জুড়ে নিন। বাড়তি কাপড় কেটে নিন।
এভাবে আরো একবার।সাবধানে সামনে পিছনে কোন কাপড় হবে দেখে নিতে হবে। যে হাতের গ্লাভস বানাচ্ছেন, সেই হাতের উপর বিছিয়ে দেখে নিতে পারেন।
এবার খোপ খোপ দাগ কাটুন। সেলাই করে নিন। এতে দেখতেও ভাল হবে, কাপড় ভাল আটকে থাকবে, জিনিসটি টেকসই হবে।

এবার এক হাতের গ্লাভসের দুই লেয়ার জোড়ার পালা।
আপনি দুইভাবে সেটি করতে পারেন।
১। লেয়ার দুটির সামনের কাপড় দুটিকে একটির উপর একটি সমান সমান করে বিছান।  উলটা দিক দুটি সামনে। এখন কিনার বরাবর জুড়ে নিন।

২। যদি এতগুলো লেয়ার মেশিনে সেলাই করা না যায়, বা গ্লাভসটি আটসাট হয়ে যায়, তাহলে এই পদ্ধতিতে সেলাই করতে পারেন।
ভিন্ন রঙের এক বা দেড় ইঞ্চি কাপড়ের ফিতা নিন।



ফিতার একদিকে এই লেয়ার গ্লাভস অন্যদিকে আরেক লেয়ার লাগান। যেন সেলাই একই দিকে হয়।


এবার একই মাপের টাওয়েলের ফিতা নিন।
সুই সুঁতা দিয়ে সেলাই করে কাপড়ের ফিতার উপর দিয়ে বসিয়ে দিন।
বোতাম স্টিচ হলে ভাল হয়। লক্ষ্য করুন সেলাইয়ের আটকানো দিক টা যেন টাওয়েলের টুকরার দিকে পড়ে। তাহলে সূতা উঠবেনা।

উল্টে নিন।
এবার কব্জির দিকের বর্ডার বানানোর পালা। ভিন্ন রঙের ফিতা নিন।
হেম সেলাই দিয়ে লাগিয়ে দিন।

হয়ে গেল খুব দরকারি ওভেন গ্লাভস।
ঘরে থাকা কাপড় দিয়ে বানানো বলে খুব সাশ্রয়ী ও হোলো। আপনার যে বন্ধুটি কেক পিজ্জা বানিয়ে চমকে দিতে পছন্দ করে, তাকে এক জোড়া বানিয়ে উপহার দিয়ে বরং আপনিই তাকে চমকে দিন

অসংখ্য ধন্যবাদ।