Showing posts with label DIY. Show all posts
Showing posts with label DIY. Show all posts

Friday, August 12, 2016

পুরোনো কাপড়ে নতুন কিছু

আলাদীনের আশ্চর্য প্রদীপের কথা মনে আছে? না ঘষে  দৈত্য বের হওয়ার অংশ টকু না। ওই যে, আলাদীনের দুষ্টু চাচাটা পুরানো প্রদীপের বদলে নতুন প্রদীপ বিক্রি করছিল, আর আলাদীনের বোকা সোকা মা জাদুর প্রদীপটাকে পুরোনো ময়লা দেখে হাতে নিয়ে চল্ল বাজারের দিকে, সেটা বদলে আনবে বলে?

আমার মাঝে মাঝে এমন মনে হয়। পুরানো জিনিস গুলো বদলে যদি নতুন কিছু পাওয়া যেত!

তাতো আর সম্ভব না। তাই শখ মেটাতে পুরোনো কাপড় কেটে কুটে জুড়ে আমি নতুন কিছু বানানোর খেলা খেলি। এমন কিছু বানাতে চাই, যেটার একটা প্রয়োজনীয়তা আছে সংসারে। সাধ্যেরর ভিতর সেলাইয়ের শখও মিটল আবার প্রয়োজনও মিটল।মন্দ কি?

স্বাগতম আমার শখের দুনিয়া, শখের ব্লগে।
আজ আমি আপনাদের বলব, কিভাবে আমি আমার একটি পুরানো টাওয়েল দিয়ে নতুন কিছু জিনিস বানিয়েছি।

আমার ছোট দুইটা বাচ্চা আছে। প্রায়ই ওদের জন্য নতুন টাওয়েল কিনতে হয়। তাই পুরোনো গুলো জমে যায়। টাওয়েলের টুকরা দিয়ে খুব ভালো ঘর মোছার কাপড় হয়। আর একটা টাওয়েল আমি রাখে দিয়েছিলাম, কেটেকুটে কিছু সেলাই করা যায় কিনা দেখতে। সত্যি চমৎকার দুটি জিনিস বানিয়েছি সেই টাওয়েলটা দিয়ে। সেই গল্পই বলছি আজ।

১। রুটির ম্যাট


আমি বরাবর কাটিং বোর্ডে রুটি বানাই।কারণ রুটি বানানোর কাঠের পিড়ির তিন পা আম্র কাজে খুব সমস্যা করে। শব্দ হয়, পিছলে যায়। আর কাঠের পিড়ি খুব যত্ন করে ব্যাবহার করতে হয়, যেন আচড় না পড়ে। আবার বড় করে রুটিও বানানো যায়না। হাত ছড়িয়ে কাজ করা যায়না। এর চেয়ে আমার কাটিং বোর্ডই ভাল। এক বোরডের বহু ব্যাবহার। কাটা,পেষা, বেলা, ভর্তা বানানো। ধুয়ে স্টান্ডে সোজা করে রেখে দিলেই কাজ শেষ, সাথে সাথেই শুকিয়ে যায়।
কিন্তু এই বোর্ডে সাত তাড়াতাড়ি কাটাকাটি করা গেলেও, রুটি বানানোর সময় নিচে একটুকরা কাপড় ভাঁজ করে দিলে ভালো হয়। এতে কোন শব্দ ও হয়না, বোর্ড টা পিছলে যায়না।

ভাবলাম টাওয়েলের টুকরা দিয়ে একটা বাহারী ম্যাট বানিয়ে নিলে কেমন হয়

যেই ভাবা সেই কাজ।
ভিতরে টাওয়েল আর উপরে নতুন কাপর জুড়ে বানিয়েছি আমার রুটি বানানোর ম্যাট।

প্রথমে বোর্ডের চেয়ে একটু বড় মাপ নিয়ে টাওয়েল কেটে নিয়েছি
উপরে লাগানোর নতুন কাপড় বা পুরানো ওড়না বা জামার টুকরা বিছিয়ে টান টানি করে নিয়েছি
প্রান্ত গুলো মুড়ে পিন দিয়ে আটকে নিয়েছি
এবার মেশিনে সেলাই করে আটকে নিয়েছি।
দরজার পিছনে বা দেয়ালের কোন হুকে যেন ঝুলিয়ে রাখা যায়, সেজন্য ছোট একটা ফিতা জুড়ে আংটা বানিয়ে নিন।

ব্যাস হয়ে গেল আপনার পছন্দসই ম্যাট


২। ছোট ব্যাগ
বড় ব্যাগের ভিতর ভাংতি পয়সা বা মোবাইল রাখার জন্য ছোট ব্যাগ বানাতে চান?

প্রথমে  সমান সমান করে দুই টুকরা টাওয়েলের টুকরা কেটে নিন। আমার ব্যাগের জন্য নিয়েছি মোটামুটি ৩০ সেমি * ১০ সেমির দুইটা টুকরা
তবে টাওয়েলের নিজের ধারের শক্ত অংশ বা কোন সূতার ডিজাইন করা থাকলে কেটে ফেলে দিতে হবে, কারণ এতে আপনার সেলাই করতে অসুবিধা হবে
এখন দুই টুকরা একটার সাথে আরেকটা ক্রস করে সেলাই করে আটকে নিন যেন টুকরা দুইটা একটার সাথে আরেকটা খুব ভালোমত আটকে থাকে।
এটাই আপনার ব্যাগের ভিতরের প্যাডিং

এখন বাইরের জন্য বাহারী নতুন চকচকে কাপড় নিন।
টাওয়েলের টুকরাটার চেয়ে সবদিকে আধাইঞ্চি  বেশি কাপড় রাখুন।

এখন টানটান করে উপরের কাপড়টা সেলাই করে জুড়ে দিন।

আড়াআড়ি তিন ভাঁজ করুন। যেন একটা অংশ হয় ব্যাগের ঢাকনি

হাতে দুই পাশ সেলাই করে নিন,
ঢাকনিতে একটা টিপ বোতাম লাগিয়ে নিন।

এবার অন্য রঙের সূতা দিয়ে ইচ্ছামত কারুকাজ করে সাজিয়ে নিন আপনার শখের ছোট্ট ব্যাগ।

আর বোতামের ঘরের উপর একটা কুসিতে বোনা গোলাপ আটকে দিলে তো কথাই নেই। পুরানো কাপড়ে বানানো ব্যাগটাই হয়ে যাবে এক অনন্য শিল্পকর্ম


অসংখ্য  ধন্যবাদ

Saturday, July 9, 2016

সূতায় বোনা সূর্যমুখী

আপনার কাছে কি দুই বা তিন রঙের অল্প করে কিছু উলের সূতা আছে? হয়ত সোয়েটার বানানোর পর অল্প একটু বেঁচে গিয়েছিল? সূতাটুকু কাজে লাগাতে চান? আমি চমৎকার একটা বুদ্ধি পেয়েছি ইউটিউবে। বেঁচে যাওয়া সূতা দিয়ে চমৎকার সূর্যমুখী ফুল বানাতে পারেন।
স্বাগত আমার শখের দুনিয়া : শখের ব্লগে।
 ফুলটি আপনি আপনার বেড সাইড টেবিলে রেখে দিতে পারেন, একটা চায়ের কাপ/ কফির মগ/ পানির গ্লাস রাখার ম্যাট হিসেবে। টেবিলটি তরল কিছু পড়ে নষ্ট হবেনা। আবার দেখতেও সুন্দর। আচ্ছা অন্য কাজে লাগাবেন? কোন ব্যাগে/টুপিতে/ বাচ্চার চুলের রাউন্ড ব্যান্ডে লাগিয়ে দিতে পারেন।
একটু বড় করে বানালে খাওয়ার টেবিল সাজাতে, বা একই টেকনিকে গেঞ্জির টুকরা দিয়ে বানিয়ে পাপোস হতে পারে। উলের জিনিস ভাল গা-মাজুনি হিসেবেও ব্যাবহার করা যায়।
এই বহুল ব্যাবহারের চমতকার জিনিসটি বানাতে হবে কুশি কাঁটা দিয়ে।

কুশি কাটার কথাটা সবার পরে বল্লাম, কারণ, এখানে এসেই আমার সাথে অন্যদের আলাপচারিতে শেষ হয়ে যায়। আনেকেই বলেন, কুশি পারিনা। শুধু চেইন আর লং তুলতে পারি।
যদি সত্যিই আপনি শুধু এই দু ফোড় তুলতে পারেন, তারমানে আপনি কুশির যেকোন সেলাই-ই তুলে ফেলতে পারবেন। দরকার শুধু ইচ্ছা আর সময়ের। আমরা শুধু শুধু কুশিকে ভয় পাই। হয়ত চর্চা কমে যাওয়ার কারণে।

এখন আসি -কিভাবে আপনি এই কাজটি করবেন।
উলের সূতা- দুই বা তিনটি রঙের
কাঁটার নাম্বার- ১১ (উলের কাঁটা, একটু মোটা)
সেলাই- চেইন আর সিঙ্গেল লং (single crochet)

মাত্র ১৩টি সারির সেলাই। প্রথম সাত সারি ফুলের মাঝের গোল অংশের জন্য।
পরের পাঁচ সারি ফুলের পাপড়ির জন্য। সেষ সারিটি পাপড়ির বর্ডার।
ফুলের পুরো ডিজাইনটি আমি ইউটিউব দেখে করেছি। আমি এখানে শুধু সহজ করে বলার চেষ্টা করছি।

ফুলের ভিতরের গোল.
সেলাই- সিঙ্গেল লং (singlle crochet)

একটি গাঢ় রঙের সুতা নিন। সাতটি সারি হবে। প্রথম সারিটির নাম ম্যাজিক লুপ।

ম্যাজিক লুপ মানে হল, গোল সেলাই এর একদম কেন্দ্রটি দেখা যাবেনা। সূতা টেনে মাঝের ছিদ্রটি বন্ধ করে দেয়া। যদি আপনি ম্যাজিক লুপ করতে না চান, তাহলে চারটি চেইন তুলে প্রথম আর শেষ চেইনটি জোড়া দিয়ে একটি সাধারণ লুপ বানিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে কাজটা তত নিখুত হবেনা।

ম্যাজিক লুপ বা পথম সারিঃ
তর্জনীতে সূতা ক্রস করে পেঁচিয়ে নিন।
কাঁটা ঢুকান। বাইরে থেকে ভিতরের সূতা টেনে একটা ঢিলা ফস্কা গেরো তুলুন।
টাইট করবেননা। টাইট করলে এটা একটা চেইন হয়ে যাবে।
ঢিলা ঢালা গোল অংশটা সেইরকমই থাকতে দিন।
একটা চেইন তুলুন।

আপনার ভবিষ্যত ম্যাজিক লুপ তৈরী।

আমরা ফুলের গোলের জন্য প্রথম সারিতে সাতটি সিঙ্গেল লং তুলব।
ঢিলা ঢালা লুপকে বেস ধরে, লুপের দুই সূতার ভিতর দিয়েই সাতটি সিঙ্গেল লং তুলুন।

এখন লুপের ছোট সূতাটি টেনে দিন।
দেখুন আপনার সাতটি লং একটা নিশ্ছিদ্র গোলে পরিণত হয়েছে।

সপ্তম লং টি প্রথম লং এর সাথে ফস্কা গেরো দিয়ে আটকে নিন।

প্রথম সারি সম্পন্ন।

২য় থেকে ৭ম সারি"
সেলাই - সিঙ্গেল লং

তবে প্রতিটা সারির শুরুতে একটা চেইন তুলে নিতে হবে। তারপর সিঙ্গেল লং করতে হবে।
প্রতিটা সারিতেই ঘর বাড়বে। তাই গোলটা ধীরে ধীরে বড় হবে।

২য় সারিতেঃ সিঙ্গেল লং করার সূত্র হচ্ছেঃ প্রথম ঘরে ১টা সিঙ্গেল লং,২য় ঘরে ২টা সিঙ্গেল লং
মানে, ১-২, ১-২, ১-২ এভাবে চলবে

৩য় সারিতেঃ ১-১-২  তারপর ১-১-২ আবার ১-১-২
৪র্থ সারিতে; ১-১-১-২ তারপর ১-১-১-২
৫ম সারিতেঃ ১-১-১-১-২ এভাবে

অর্থাৎ সেলাই এর সময় কততম সারিতে আছি, গুণে দেখতে হবে,যত নম্বর সারি, তত নম্বর ঘরে ২টা করে সিঙ্গেল লং তুলতে হবে। তহলেই খুব সুন্দর হয়ে গোল হবে

সপ্তম সারিতে ১-১-১-১-১-১-২ করে সিঙ্গেল লং



এখন পাপড়ি।
অন্য রঙের সূতা নিন। প্রথমে একটা চেইন তুলুন।
এখন একই ঘরে একটা সিঙ্গেল লং।

এখন পাপড়ির জন্য গুণে গুনে নয়টা চেইন তুলুন। ঢিলা করে চেইন করবেন। এই চেইনগুলোই আপনার পাপড়ির বেইজ। টাইট করে করলে আপনার পরের সারি করতে কষ্ট হবে।


নয়টা চেইন হনে আপনি গোলের পাশের ঘরে সূতা টি আটকে নিবেন।
আমরা গোলে যা আটকাবো, সব ফস্কা গেরো (slip knot) দিয়ে, কিন্তু পাপড়িতে কোন ফস্কা গেরো নেই, সব আটকাবো সিঙ্গেল লং দিয়ে।

পরের পাপড়ির জন্য গোলের ২য় ঘরটিতে একটি সিঙ্গেল লং তুলুন। এর মাথা থেকেই আগের মত নয়টা চেইন। একই নিয়মে পাশের ঘরে আটকে নিন।

পাপড়ির ২য় সারিঃ
সিঙ্গেল লং ১-১-১-১-৩-১-১-১-১


লক্ষ্য করুন, পাপড়িতে চেইন আছে নয়টা।
প্রতি সারিতে আমরা নিচের দুইটা সেলাইকে বাদ দিব, আর পাপড়ির চূড়ার চেইন থেকে তিনটা সিঙ্গেল লং তুলব।

পাপড়ির সুন্দর খাজকাটা প্যাটার্ন পাওয়ার জন্য অন্য সময়ের মত বেইজ চেনের দুই লিপ না ধরে শুধু পিছনের সূতা (লিপ) থেকে তুলব।

অর্থাৎ প্রথম টা বাদ (১ম সারিতে এই সেলাইটা হল পাপড়ি শুরুর ২টা সিঙ্গেল লং)
২য়, ৩য়, ৪থ,৫ম সারি -- একই ভাবে।
পাপড়ির ২য় সারিটা করতেই একটু বেশি সময় লাগে, পরের অংশটুকু খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ, একই সেলাই বলে চিন্তা করে করে তুলতে হয়না। সিঙ্গেল লং করে একই ভাবে বর্ডার টি করতে হয়।


পাপড়ির শেষ বর্ডার করতে ৩য় একটা রঙ বা ফুলের গোলের রঙ এর সূতাটাই নিতে পারেন।

শেষ ঘরের জন্য একটা চেইন করে শক্ত করে টেনে নিন। সেলাই আর খুলে যাবেনা।

বড় কর সূতা গুলো কেটে নিন।
কাঁটা দিয়ে টেনে নিয়ে ভিতর দিকে সূতার মাথা গুলো টেনে, গিঁট দিয়ে এখন ছোট করে কেটে দিন। এখন আর আপনার সেলাই এর শুরু আর শেষ কোথায় বোঝা যাবেনা।পাপড়ি গুলো ভাজ ভাজ করে সুই সূতা দিয়ে আটকে নিন।

হয়ে গেল আপনার ছোট্ট একটি কুশি কাটার প্রজেক্ট। সহজ সুন্দর এবং কাজের একটি জিনিস আপনার এই সূতায় বোনা সূর্যমুখী।

অসংখ্য ধন্যবাদ।


Thursday, May 19, 2016

হাতে বানানো কুশির লেইস

একসময় ছিল,আমাদের মায়েরা  সালোয়ার কামিজে, ওড়নায়,শাড়ির আঁচল, ব্লাউজের হাতা বা পেটিকোটে কুসির লেইস বানাতো। এমনকি বালিশের ওয়াড়, আলমিরার আয়নার ঢাকনির ধারে, রুমালে বা টেবিল ক্লথে, যে কোন হাতের কাজের জিনিসেই বাহারী লেইস চোখে পড়ত। কুশির কাজ নিয়ে বলতে গেলে শেষ হবেনা, আমাদের আছে এর গৌরবম্য সমৃদ্ধ ঐতিহ্য। তবে অনেক সময় নিয়ে ধৈর্য ধরে বসে বানাতে হয় বলে আস্তে আস্তে আমাদের কাছ থেকে হারিয়ে যেতে বসেছে এই কুশির সেলাই। মনে হয় যেন এই কঠিন সূতের কাজ নানী- দাদী রাই বানাবে। আসলে তা না। সময়ের অভাবে বড় কিছু না হোক, শখ মেটাতে ছোট খাটো কুশির সেলাই আমরা করতেই পারি। আর তাই আজ আমি আপনাদের বলব, কিভাবে আমি আমি আমার ওড়নার ধারে খুব সহজ কুশির লেইস বানিয়েছি।


আমি খুব ভালো কুশির সেলাই জানিনা, শিখেছি আমার মায়ের কাছে থেকে। তার আলোকেই আজ আপনাদের এই সেলাই নিয়ে কিছু প্রারম্ভিক ধারণা দেয়ার চেষ্টা করব।

প্রথনেই কাঁটা। কুশি কাঁটা নানা মাপের হয়। সূতার দোকানেই আপনি কুশির কাঁটা এওং সূতা পেয়ে যাবেন । সূতার কতটুকু মোটা নিবেন, তার উপর কাঁটা ও মোটা চিকন হয়। আমি যে কাঁটা ব্যাবহার করেছি, গায়ে লিখা 0.75 mm আর এটা সব  সূতার দোকানেই পাওয়া যায়। দামেও সস্তা (৪০-৫০/-)


দুই ধরণের কুশি সেলাই আছে। চেইন আর লং। লং সেলাইটা আবার নানা রকম হয়  তবে সব ধরণের লং এর সেলাই মূলত একই। আপনি যদি চেইন আর যেকোন একটা লং তুলতে পারেন, তাহলে আপনি যে কোন কুশির সেলাই তুলে ফেলতে পারবেন।

প্রথমে আমি ওড়নার এক মাথায় কাঁটা দিয়ে ছিদ্র করে সূতা ঢুকিয়ে একটা বিষ গিঠঠু দিয়ে সূতাটা ওড়নার সাথে আটকে নিয়েছি।
এরপর তিনটা চেইন তুলেছি।
যে কয়টা চেইন তুলবেন, আপনার লেইসটা তত টুকু চওড়া হবে।

চেইন তোলা খুব সহজ।

আপনার ডান হাতে থাকবে কাঁটা। বাম হাতের আঙ্গুলে সূতা পেঁচিয়ে টানটান করে নিন।
ডান হাতের কাঁটা কাপড়ের ছিদ্রে ঢুকান।
বাম হাতের সূতায় কাঁটা পেঁচিয়ে একটি ঘর তুলুল। হয়ে গেল আপনার প্রথম চেইন।
 একই ভাবে তিনটি চেইন তুলুন।


বাম হাতের সূতা বেশি টানটান হয়ে গেলে আপনি ডান হাতের কাঁটা আগু-পিছু করে আপনার সেলাই এবং ঘরে কতটুকু ঢিলা হবে ঠিক করে নিতে পারেন।

এবার লং তোলার পালা।
কাটায় দুই বার সূতা পেচান।

কাঁটা কাপড়ের ছিদ্রে ঢুকিয়ে নিন।

বাম হাতের সূতা থেকে একবার পেঁচিয়ে কাটায় তুলে নিন।


এখন আপনার কাটায় চার টা ঘর আছে।

এখন নতুন করে আরেকবার সূতা পেচান।
সূতাটা আগের দুই ঘরের ভিতর দিয়ে ঢুকিয়ে ঘর দুইটা ছেড়ে দিন

এখন আপনার কাটায় তিন ঘর আছে

এখন নতুন করে আরেকবার সূতা পেচান।


সূতাটা আগের দুই ঘরের ভিতর দিয়ে ঢুকিয়ে ঘর দুইটা ছেড়ে দিন

এখন আপনার কাটায় দুই ঘর আছে

এখন নতুন করে আরেকবার সূতা পেচান।

সূতাটা আগের দুই ঘরের ভিতর দিয়ে ঢুকিয়ে ঘর দুইটা ছেড়ে দিন

এখন আপনার কাটায় মাত্র এক টা ঘর আছে

হয়ে গেল আপনার একটা লং

এভাবে তনটি লং বানান।


চেইন তোলার মত করে  কাপড়ে আটকে নিন

পরের টুকু আবার রিপিট করুন- তিন চেইন, তিন লং

এভাবে শেষ পর্যন্ত এসে কিভাবে সূতা ছেড়ে দিবেন?  খুব সহজ। চেইনের ভিতর দিয়ে সূতা নিয়ে জোরে টেন নিন, একটা গিঁট পড়ে যাবে। বড় করে সূতা কেটে নিন, বাড়তি মাথাটুকু কাঁটা দিয়ে কুশির নকশার ভিতর দিয়ে টেনে নিন। তারপর আরেকটি গিঁট দিয়ে বাড়তি সূতা কেটে নিন। এতে আপনার সেলাইয়ের শুরু কোথায় শেষ কোথায় বুঝা যাবেনা, আর সহজে খুলেও যাবেনা

এভাবে একটা ওড়না, বা জামার গলা, হাতা বা বাচ্চার জামার ঘেরে সূতার কাজ করে দেখন, কত সুন্দর দেখায়।কাপড়টা সহজে পুরানোও হয়না।

আর প্রিয়জনের জন্য এটা হতে পারে এক অমূল্য উপহার