Showing posts with label crochet. Show all posts
Showing posts with label crochet. Show all posts

Saturday, July 9, 2016

সূতায় বোনা সূর্যমুখী

আপনার কাছে কি দুই বা তিন রঙের অল্প করে কিছু উলের সূতা আছে? হয়ত সোয়েটার বানানোর পর অল্প একটু বেঁচে গিয়েছিল? সূতাটুকু কাজে লাগাতে চান? আমি চমৎকার একটা বুদ্ধি পেয়েছি ইউটিউবে। বেঁচে যাওয়া সূতা দিয়ে চমৎকার সূর্যমুখী ফুল বানাতে পারেন।
স্বাগত আমার শখের দুনিয়া : শখের ব্লগে।
 ফুলটি আপনি আপনার বেড সাইড টেবিলে রেখে দিতে পারেন, একটা চায়ের কাপ/ কফির মগ/ পানির গ্লাস রাখার ম্যাট হিসেবে। টেবিলটি তরল কিছু পড়ে নষ্ট হবেনা। আবার দেখতেও সুন্দর। আচ্ছা অন্য কাজে লাগাবেন? কোন ব্যাগে/টুপিতে/ বাচ্চার চুলের রাউন্ড ব্যান্ডে লাগিয়ে দিতে পারেন।
একটু বড় করে বানালে খাওয়ার টেবিল সাজাতে, বা একই টেকনিকে গেঞ্জির টুকরা দিয়ে বানিয়ে পাপোস হতে পারে। উলের জিনিস ভাল গা-মাজুনি হিসেবেও ব্যাবহার করা যায়।
এই বহুল ব্যাবহারের চমতকার জিনিসটি বানাতে হবে কুশি কাঁটা দিয়ে।

কুশি কাটার কথাটা সবার পরে বল্লাম, কারণ, এখানে এসেই আমার সাথে অন্যদের আলাপচারিতে শেষ হয়ে যায়। আনেকেই বলেন, কুশি পারিনা। শুধু চেইন আর লং তুলতে পারি।
যদি সত্যিই আপনি শুধু এই দু ফোড় তুলতে পারেন, তারমানে আপনি কুশির যেকোন সেলাই-ই তুলে ফেলতে পারবেন। দরকার শুধু ইচ্ছা আর সময়ের। আমরা শুধু শুধু কুশিকে ভয় পাই। হয়ত চর্চা কমে যাওয়ার কারণে।

এখন আসি -কিভাবে আপনি এই কাজটি করবেন।
উলের সূতা- দুই বা তিনটি রঙের
কাঁটার নাম্বার- ১১ (উলের কাঁটা, একটু মোটা)
সেলাই- চেইন আর সিঙ্গেল লং (single crochet)

মাত্র ১৩টি সারির সেলাই। প্রথম সাত সারি ফুলের মাঝের গোল অংশের জন্য।
পরের পাঁচ সারি ফুলের পাপড়ির জন্য। সেষ সারিটি পাপড়ির বর্ডার।
ফুলের পুরো ডিজাইনটি আমি ইউটিউব দেখে করেছি। আমি এখানে শুধু সহজ করে বলার চেষ্টা করছি।

ফুলের ভিতরের গোল.
সেলাই- সিঙ্গেল লং (singlle crochet)

একটি গাঢ় রঙের সুতা নিন। সাতটি সারি হবে। প্রথম সারিটির নাম ম্যাজিক লুপ।

ম্যাজিক লুপ মানে হল, গোল সেলাই এর একদম কেন্দ্রটি দেখা যাবেনা। সূতা টেনে মাঝের ছিদ্রটি বন্ধ করে দেয়া। যদি আপনি ম্যাজিক লুপ করতে না চান, তাহলে চারটি চেইন তুলে প্রথম আর শেষ চেইনটি জোড়া দিয়ে একটি সাধারণ লুপ বানিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে কাজটা তত নিখুত হবেনা।

ম্যাজিক লুপ বা পথম সারিঃ
তর্জনীতে সূতা ক্রস করে পেঁচিয়ে নিন।
কাঁটা ঢুকান। বাইরে থেকে ভিতরের সূতা টেনে একটা ঢিলা ফস্কা গেরো তুলুন।
টাইট করবেননা। টাইট করলে এটা একটা চেইন হয়ে যাবে।
ঢিলা ঢালা গোল অংশটা সেইরকমই থাকতে দিন।
একটা চেইন তুলুন।

আপনার ভবিষ্যত ম্যাজিক লুপ তৈরী।

আমরা ফুলের গোলের জন্য প্রথম সারিতে সাতটি সিঙ্গেল লং তুলব।
ঢিলা ঢালা লুপকে বেস ধরে, লুপের দুই সূতার ভিতর দিয়েই সাতটি সিঙ্গেল লং তুলুন।

এখন লুপের ছোট সূতাটি টেনে দিন।
দেখুন আপনার সাতটি লং একটা নিশ্ছিদ্র গোলে পরিণত হয়েছে।

সপ্তম লং টি প্রথম লং এর সাথে ফস্কা গেরো দিয়ে আটকে নিন।

প্রথম সারি সম্পন্ন।

২য় থেকে ৭ম সারি"
সেলাই - সিঙ্গেল লং

তবে প্রতিটা সারির শুরুতে একটা চেইন তুলে নিতে হবে। তারপর সিঙ্গেল লং করতে হবে।
প্রতিটা সারিতেই ঘর বাড়বে। তাই গোলটা ধীরে ধীরে বড় হবে।

২য় সারিতেঃ সিঙ্গেল লং করার সূত্র হচ্ছেঃ প্রথম ঘরে ১টা সিঙ্গেল লং,২য় ঘরে ২টা সিঙ্গেল লং
মানে, ১-২, ১-২, ১-২ এভাবে চলবে

৩য় সারিতেঃ ১-১-২  তারপর ১-১-২ আবার ১-১-২
৪র্থ সারিতে; ১-১-১-২ তারপর ১-১-১-২
৫ম সারিতেঃ ১-১-১-১-২ এভাবে

অর্থাৎ সেলাই এর সময় কততম সারিতে আছি, গুণে দেখতে হবে,যত নম্বর সারি, তত নম্বর ঘরে ২টা করে সিঙ্গেল লং তুলতে হবে। তহলেই খুব সুন্দর হয়ে গোল হবে

সপ্তম সারিতে ১-১-১-১-১-১-২ করে সিঙ্গেল লং



এখন পাপড়ি।
অন্য রঙের সূতা নিন। প্রথমে একটা চেইন তুলুন।
এখন একই ঘরে একটা সিঙ্গেল লং।

এখন পাপড়ির জন্য গুণে গুনে নয়টা চেইন তুলুন। ঢিলা করে চেইন করবেন। এই চেইনগুলোই আপনার পাপড়ির বেইজ। টাইট করে করলে আপনার পরের সারি করতে কষ্ট হবে।


নয়টা চেইন হনে আপনি গোলের পাশের ঘরে সূতা টি আটকে নিবেন।
আমরা গোলে যা আটকাবো, সব ফস্কা গেরো (slip knot) দিয়ে, কিন্তু পাপড়িতে কোন ফস্কা গেরো নেই, সব আটকাবো সিঙ্গেল লং দিয়ে।

পরের পাপড়ির জন্য গোলের ২য় ঘরটিতে একটি সিঙ্গেল লং তুলুন। এর মাথা থেকেই আগের মত নয়টা চেইন। একই নিয়মে পাশের ঘরে আটকে নিন।

পাপড়ির ২য় সারিঃ
সিঙ্গেল লং ১-১-১-১-৩-১-১-১-১


লক্ষ্য করুন, পাপড়িতে চেইন আছে নয়টা।
প্রতি সারিতে আমরা নিচের দুইটা সেলাইকে বাদ দিব, আর পাপড়ির চূড়ার চেইন থেকে তিনটা সিঙ্গেল লং তুলব।

পাপড়ির সুন্দর খাজকাটা প্যাটার্ন পাওয়ার জন্য অন্য সময়ের মত বেইজ চেনের দুই লিপ না ধরে শুধু পিছনের সূতা (লিপ) থেকে তুলব।

অর্থাৎ প্রথম টা বাদ (১ম সারিতে এই সেলাইটা হল পাপড়ি শুরুর ২টা সিঙ্গেল লং)
২য়, ৩য়, ৪থ,৫ম সারি -- একই ভাবে।
পাপড়ির ২য় সারিটা করতেই একটু বেশি সময় লাগে, পরের অংশটুকু খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ, একই সেলাই বলে চিন্তা করে করে তুলতে হয়না। সিঙ্গেল লং করে একই ভাবে বর্ডার টি করতে হয়।


পাপড়ির শেষ বর্ডার করতে ৩য় একটা রঙ বা ফুলের গোলের রঙ এর সূতাটাই নিতে পারেন।

শেষ ঘরের জন্য একটা চেইন করে শক্ত করে টেনে নিন। সেলাই আর খুলে যাবেনা।

বড় কর সূতা গুলো কেটে নিন।
কাঁটা দিয়ে টেনে নিয়ে ভিতর দিকে সূতার মাথা গুলো টেনে, গিঁট দিয়ে এখন ছোট করে কেটে দিন। এখন আর আপনার সেলাই এর শুরু আর শেষ কোথায় বোঝা যাবেনা।পাপড়ি গুলো ভাজ ভাজ করে সুই সূতা দিয়ে আটকে নিন।

হয়ে গেল আপনার ছোট্ট একটি কুশি কাটার প্রজেক্ট। সহজ সুন্দর এবং কাজের একটি জিনিস আপনার এই সূতায় বোনা সূর্যমুখী।

অসংখ্য ধন্যবাদ।


Thursday, March 24, 2016

হাতে বানানো গয়না






সবাই কে স্বাগত আমার শখের দুনিয়া শখের ব্লগে।

আজ আপনাদের বলব কুশি কাটার সেলাই নিয়ে।
আমার মায়ের কাছ থেকে কুশি কাটার সেলাই করা শিখেছি সেই ছোট্টবেলায়।
একটা ফস্কা গেরো দিয়ে তার ভিতর দিয়ে সূতা টেনে নিয়ে এসে হয় 'চেইন'। আর 'লং' করার জন্য একটা বেইজ লাগে। হয় একটা চেইন ফোড় দিয়ে বানানো গোল বা শুধু একটা চেইন। বা কাপড়, যদি লেইস বানাতে চান।
সেজন্য আগে কতটুকু লম্বা লং বানাতে চান, সে কয়টা চেইন তুলুন।কাটায় একবার সুতা পেচান। বেইজে আটকান সূতা পেচিয়ে।আপনার কাটায় এখন তিনটা সূতা। বাইরে থেকে নতুন সূতা টেনে প্রথমে দুই ঘর ছাড়ুন।কাটায় আছে দুই প্যাচ। এখন আবার সুতা টেনে  ঘর দুটা ছেড়ে দিন। ব্যাস।

আমি আজ কুশি দিয়ে আংটি বানিয়েছি।


প্রথমে চারটা চেইন তুলেছি।
প্রথম আর শেষ চেইন বন্ধ করে গোল বানিয়েছি। এইটা আপনার ফুলের বেইজ।
এবার একঘর চেইন তুলেছি।

এখন লং। তবে এক প্যাচের লং না, দুই প্যাচের লং। লং করার নিয়ম একই শুধু মাঝের সূতাটুকু দুইবার পেচাতে হয়।
এরকম চারটা লং তুলুন
এবার চেইন তোলার মত করে ঘরটা আটকে দিন বেইজের সাথে। হয়ে গেল একটি পাপড়ি
এভাবে চার বা পাচটি পাপড়ি বানান

লক্ষ্য করুন, সেলাই যেন গোল বেইজের চারদিক ঘিরে হয়, তাহলে পাপড়ি গুলো আপনি পছন্দ মত আঁটসাঁট করে নিতে পারবেন।

এবার আঙুলের মাপ নিয়ে চেইন তুলুন।
চেইন এর আরেক মাথা ফুলের অন্যপাশের পাপড়ির সাথে আটকে দিন।

এবার আংটির টুকুকে মজবুত করতে চেইনকে বেইজ ধরে এক ঘরের লং তুলতে থাকুন।লং গুলো আঁটসাঁট করে নিন।

হয়ে গেল আপনার হাতে বানানো গয়না।
বাড়তি সুতা গুলো কাটার সময় বর করে কাটুন।পুরো জিনিসটা বানানো হয়ে গেলে কাটা ঘুরিয়ে নিচে সূতা এনে গিট দিয়ে চোখে পরেনা এমন ভাবে কেটে দিন।

বাচ্চাদের খুব প্রিয় এমন আংটি। সুতার, তাই আঙুলে ব্যথা পাবেনা। চার বছর বয়সীদের জন্য হয়ে পারে চমৎকার উপহার। একদম ছোট বাচ্চাকেও পরিয়ে দিতে পারেন। তবে সে যদি আংগুল থেকে নিজেই খুলে ফেলতে পারে (১ থেকে ৩বছর) তাহলে না দেয়াই ভাল, কারণ আপনি লক্ষ্য করার আগেই সে মুখে পুরে দিতে পারে এই ছোট্ট জিনিসটি

আপনার পোষাকের সাথে রং  মিলিয়ে পুতি বসিয়ে নিজের জন্যও বানাতে পারেন এই অভিনব আংটি।













 মাত্র দশ মিনিটে বানানো এই ছোট্ট গয়নাটি আপনাকে দিতে পারে অতুলনীয় আনন্দ।
ধন্যবাদ।