Saturday, July 9, 2016

সূতায় বোনা সূর্যমুখী

আপনার কাছে কি দুই বা তিন রঙের অল্প করে কিছু উলের সূতা আছে? হয়ত সোয়েটার বানানোর পর অল্প একটু বেঁচে গিয়েছিল? সূতাটুকু কাজে লাগাতে চান? আমি চমৎকার একটা বুদ্ধি পেয়েছি ইউটিউবে। বেঁচে যাওয়া সূতা দিয়ে চমৎকার সূর্যমুখী ফুল বানাতে পারেন।
স্বাগত আমার শখের দুনিয়া : শখের ব্লগে।
 ফুলটি আপনি আপনার বেড সাইড টেবিলে রেখে দিতে পারেন, একটা চায়ের কাপ/ কফির মগ/ পানির গ্লাস রাখার ম্যাট হিসেবে। টেবিলটি তরল কিছু পড়ে নষ্ট হবেনা। আবার দেখতেও সুন্দর। আচ্ছা অন্য কাজে লাগাবেন? কোন ব্যাগে/টুপিতে/ বাচ্চার চুলের রাউন্ড ব্যান্ডে লাগিয়ে দিতে পারেন।
একটু বড় করে বানালে খাওয়ার টেবিল সাজাতে, বা একই টেকনিকে গেঞ্জির টুকরা দিয়ে বানিয়ে পাপোস হতে পারে। উলের জিনিস ভাল গা-মাজুনি হিসেবেও ব্যাবহার করা যায়।
এই বহুল ব্যাবহারের চমতকার জিনিসটি বানাতে হবে কুশি কাঁটা দিয়ে।

কুশি কাটার কথাটা সবার পরে বল্লাম, কারণ, এখানে এসেই আমার সাথে অন্যদের আলাপচারিতে শেষ হয়ে যায়। আনেকেই বলেন, কুশি পারিনা। শুধু চেইন আর লং তুলতে পারি।
যদি সত্যিই আপনি শুধু এই দু ফোড় তুলতে পারেন, তারমানে আপনি কুশির যেকোন সেলাই-ই তুলে ফেলতে পারবেন। দরকার শুধু ইচ্ছা আর সময়ের। আমরা শুধু শুধু কুশিকে ভয় পাই। হয়ত চর্চা কমে যাওয়ার কারণে।

এখন আসি -কিভাবে আপনি এই কাজটি করবেন।
উলের সূতা- দুই বা তিনটি রঙের
কাঁটার নাম্বার- ১১ (উলের কাঁটা, একটু মোটা)
সেলাই- চেইন আর সিঙ্গেল লং (single crochet)

মাত্র ১৩টি সারির সেলাই। প্রথম সাত সারি ফুলের মাঝের গোল অংশের জন্য।
পরের পাঁচ সারি ফুলের পাপড়ির জন্য। সেষ সারিটি পাপড়ির বর্ডার।
ফুলের পুরো ডিজাইনটি আমি ইউটিউব দেখে করেছি। আমি এখানে শুধু সহজ করে বলার চেষ্টা করছি।

ফুলের ভিতরের গোল.
সেলাই- সিঙ্গেল লং (singlle crochet)

একটি গাঢ় রঙের সুতা নিন। সাতটি সারি হবে। প্রথম সারিটির নাম ম্যাজিক লুপ।

ম্যাজিক লুপ মানে হল, গোল সেলাই এর একদম কেন্দ্রটি দেখা যাবেনা। সূতা টেনে মাঝের ছিদ্রটি বন্ধ করে দেয়া। যদি আপনি ম্যাজিক লুপ করতে না চান, তাহলে চারটি চেইন তুলে প্রথম আর শেষ চেইনটি জোড়া দিয়ে একটি সাধারণ লুপ বানিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে কাজটা তত নিখুত হবেনা।

ম্যাজিক লুপ বা পথম সারিঃ
তর্জনীতে সূতা ক্রস করে পেঁচিয়ে নিন।
কাঁটা ঢুকান। বাইরে থেকে ভিতরের সূতা টেনে একটা ঢিলা ফস্কা গেরো তুলুন।
টাইট করবেননা। টাইট করলে এটা একটা চেইন হয়ে যাবে।
ঢিলা ঢালা গোল অংশটা সেইরকমই থাকতে দিন।
একটা চেইন তুলুন।

আপনার ভবিষ্যত ম্যাজিক লুপ তৈরী।

আমরা ফুলের গোলের জন্য প্রথম সারিতে সাতটি সিঙ্গেল লং তুলব।
ঢিলা ঢালা লুপকে বেস ধরে, লুপের দুই সূতার ভিতর দিয়েই সাতটি সিঙ্গেল লং তুলুন।

এখন লুপের ছোট সূতাটি টেনে দিন।
দেখুন আপনার সাতটি লং একটা নিশ্ছিদ্র গোলে পরিণত হয়েছে।

সপ্তম লং টি প্রথম লং এর সাথে ফস্কা গেরো দিয়ে আটকে নিন।

প্রথম সারি সম্পন্ন।

২য় থেকে ৭ম সারি"
সেলাই - সিঙ্গেল লং

তবে প্রতিটা সারির শুরুতে একটা চেইন তুলে নিতে হবে। তারপর সিঙ্গেল লং করতে হবে।
প্রতিটা সারিতেই ঘর বাড়বে। তাই গোলটা ধীরে ধীরে বড় হবে।

২য় সারিতেঃ সিঙ্গেল লং করার সূত্র হচ্ছেঃ প্রথম ঘরে ১টা সিঙ্গেল লং,২য় ঘরে ২টা সিঙ্গেল লং
মানে, ১-২, ১-২, ১-২ এভাবে চলবে

৩য় সারিতেঃ ১-১-২  তারপর ১-১-২ আবার ১-১-২
৪র্থ সারিতে; ১-১-১-২ তারপর ১-১-১-২
৫ম সারিতেঃ ১-১-১-১-২ এভাবে

অর্থাৎ সেলাই এর সময় কততম সারিতে আছি, গুণে দেখতে হবে,যত নম্বর সারি, তত নম্বর ঘরে ২টা করে সিঙ্গেল লং তুলতে হবে। তহলেই খুব সুন্দর হয়ে গোল হবে

সপ্তম সারিতে ১-১-১-১-১-১-২ করে সিঙ্গেল লং



এখন পাপড়ি।
অন্য রঙের সূতা নিন। প্রথমে একটা চেইন তুলুন।
এখন একই ঘরে একটা সিঙ্গেল লং।

এখন পাপড়ির জন্য গুণে গুনে নয়টা চেইন তুলুন। ঢিলা করে চেইন করবেন। এই চেইনগুলোই আপনার পাপড়ির বেইজ। টাইট করে করলে আপনার পরের সারি করতে কষ্ট হবে।


নয়টা চেইন হনে আপনি গোলের পাশের ঘরে সূতা টি আটকে নিবেন।
আমরা গোলে যা আটকাবো, সব ফস্কা গেরো (slip knot) দিয়ে, কিন্তু পাপড়িতে কোন ফস্কা গেরো নেই, সব আটকাবো সিঙ্গেল লং দিয়ে।

পরের পাপড়ির জন্য গোলের ২য় ঘরটিতে একটি সিঙ্গেল লং তুলুন। এর মাথা থেকেই আগের মত নয়টা চেইন। একই নিয়মে পাশের ঘরে আটকে নিন।

পাপড়ির ২য় সারিঃ
সিঙ্গেল লং ১-১-১-১-৩-১-১-১-১


লক্ষ্য করুন, পাপড়িতে চেইন আছে নয়টা।
প্রতি সারিতে আমরা নিচের দুইটা সেলাইকে বাদ দিব, আর পাপড়ির চূড়ার চেইন থেকে তিনটা সিঙ্গেল লং তুলব।

পাপড়ির সুন্দর খাজকাটা প্যাটার্ন পাওয়ার জন্য অন্য সময়ের মত বেইজ চেনের দুই লিপ না ধরে শুধু পিছনের সূতা (লিপ) থেকে তুলব।

অর্থাৎ প্রথম টা বাদ (১ম সারিতে এই সেলাইটা হল পাপড়ি শুরুর ২টা সিঙ্গেল লং)
২য়, ৩য়, ৪থ,৫ম সারি -- একই ভাবে।
পাপড়ির ২য় সারিটা করতেই একটু বেশি সময় লাগে, পরের অংশটুকু খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ, একই সেলাই বলে চিন্তা করে করে তুলতে হয়না। সিঙ্গেল লং করে একই ভাবে বর্ডার টি করতে হয়।


পাপড়ির শেষ বর্ডার করতে ৩য় একটা রঙ বা ফুলের গোলের রঙ এর সূতাটাই নিতে পারেন।

শেষ ঘরের জন্য একটা চেইন করে শক্ত করে টেনে নিন। সেলাই আর খুলে যাবেনা।

বড় কর সূতা গুলো কেটে নিন।
কাঁটা দিয়ে টেনে নিয়ে ভিতর দিকে সূতার মাথা গুলো টেনে, গিঁট দিয়ে এখন ছোট করে কেটে দিন। এখন আর আপনার সেলাই এর শুরু আর শেষ কোথায় বোঝা যাবেনা।পাপড়ি গুলো ভাজ ভাজ করে সুই সূতা দিয়ে আটকে নিন।

হয়ে গেল আপনার ছোট্ট একটি কুশি কাটার প্রজেক্ট। সহজ সুন্দর এবং কাজের একটি জিনিস আপনার এই সূতায় বোনা সূর্যমুখী।

অসংখ্য ধন্যবাদ।


Thursday, May 19, 2016

হাতে বানানো কুশির লেইস

একসময় ছিল,আমাদের মায়েরা  সালোয়ার কামিজে, ওড়নায়,শাড়ির আঁচল, ব্লাউজের হাতা বা পেটিকোটে কুসির লেইস বানাতো। এমনকি বালিশের ওয়াড়, আলমিরার আয়নার ঢাকনির ধারে, রুমালে বা টেবিল ক্লথে, যে কোন হাতের কাজের জিনিসেই বাহারী লেইস চোখে পড়ত। কুশির কাজ নিয়ে বলতে গেলে শেষ হবেনা, আমাদের আছে এর গৌরবম্য সমৃদ্ধ ঐতিহ্য। তবে অনেক সময় নিয়ে ধৈর্য ধরে বসে বানাতে হয় বলে আস্তে আস্তে আমাদের কাছ থেকে হারিয়ে যেতে বসেছে এই কুশির সেলাই। মনে হয় যেন এই কঠিন সূতের কাজ নানী- দাদী রাই বানাবে। আসলে তা না। সময়ের অভাবে বড় কিছু না হোক, শখ মেটাতে ছোট খাটো কুশির সেলাই আমরা করতেই পারি। আর তাই আজ আমি আপনাদের বলব, কিভাবে আমি আমি আমার ওড়নার ধারে খুব সহজ কুশির লেইস বানিয়েছি।


আমি খুব ভালো কুশির সেলাই জানিনা, শিখেছি আমার মায়ের কাছে থেকে। তার আলোকেই আজ আপনাদের এই সেলাই নিয়ে কিছু প্রারম্ভিক ধারণা দেয়ার চেষ্টা করব।

প্রথনেই কাঁটা। কুশি কাঁটা নানা মাপের হয়। সূতার দোকানেই আপনি কুশির কাঁটা এওং সূতা পেয়ে যাবেন । সূতার কতটুকু মোটা নিবেন, তার উপর কাঁটা ও মোটা চিকন হয়। আমি যে কাঁটা ব্যাবহার করেছি, গায়ে লিখা 0.75 mm আর এটা সব  সূতার দোকানেই পাওয়া যায়। দামেও সস্তা (৪০-৫০/-)


দুই ধরণের কুশি সেলাই আছে। চেইন আর লং। লং সেলাইটা আবার নানা রকম হয়  তবে সব ধরণের লং এর সেলাই মূলত একই। আপনি যদি চেইন আর যেকোন একটা লং তুলতে পারেন, তাহলে আপনি যে কোন কুশির সেলাই তুলে ফেলতে পারবেন।

প্রথমে আমি ওড়নার এক মাথায় কাঁটা দিয়ে ছিদ্র করে সূতা ঢুকিয়ে একটা বিষ গিঠঠু দিয়ে সূতাটা ওড়নার সাথে আটকে নিয়েছি।
এরপর তিনটা চেইন তুলেছি।
যে কয়টা চেইন তুলবেন, আপনার লেইসটা তত টুকু চওড়া হবে।

চেইন তোলা খুব সহজ।

আপনার ডান হাতে থাকবে কাঁটা। বাম হাতের আঙ্গুলে সূতা পেঁচিয়ে টানটান করে নিন।
ডান হাতের কাঁটা কাপড়ের ছিদ্রে ঢুকান।
বাম হাতের সূতায় কাঁটা পেঁচিয়ে একটি ঘর তুলুল। হয়ে গেল আপনার প্রথম চেইন।
 একই ভাবে তিনটি চেইন তুলুন।


বাম হাতের সূতা বেশি টানটান হয়ে গেলে আপনি ডান হাতের কাঁটা আগু-পিছু করে আপনার সেলাই এবং ঘরে কতটুকু ঢিলা হবে ঠিক করে নিতে পারেন।

এবার লং তোলার পালা।
কাটায় দুই বার সূতা পেচান।

কাঁটা কাপড়ের ছিদ্রে ঢুকিয়ে নিন।

বাম হাতের সূতা থেকে একবার পেঁচিয়ে কাটায় তুলে নিন।


এখন আপনার কাটায় চার টা ঘর আছে।

এখন নতুন করে আরেকবার সূতা পেচান।
সূতাটা আগের দুই ঘরের ভিতর দিয়ে ঢুকিয়ে ঘর দুইটা ছেড়ে দিন

এখন আপনার কাটায় তিন ঘর আছে

এখন নতুন করে আরেকবার সূতা পেচান।


সূতাটা আগের দুই ঘরের ভিতর দিয়ে ঢুকিয়ে ঘর দুইটা ছেড়ে দিন

এখন আপনার কাটায় দুই ঘর আছে

এখন নতুন করে আরেকবার সূতা পেচান।

সূতাটা আগের দুই ঘরের ভিতর দিয়ে ঢুকিয়ে ঘর দুইটা ছেড়ে দিন

এখন আপনার কাটায় মাত্র এক টা ঘর আছে

হয়ে গেল আপনার একটা লং

এভাবে তনটি লং বানান।


চেইন তোলার মত করে  কাপড়ে আটকে নিন

পরের টুকু আবার রিপিট করুন- তিন চেইন, তিন লং

এভাবে শেষ পর্যন্ত এসে কিভাবে সূতা ছেড়ে দিবেন?  খুব সহজ। চেইনের ভিতর দিয়ে সূতা নিয়ে জোরে টেন নিন, একটা গিঁট পড়ে যাবে। বড় করে সূতা কেটে নিন, বাড়তি মাথাটুকু কাঁটা দিয়ে কুশির নকশার ভিতর দিয়ে টেনে নিন। তারপর আরেকটি গিঁট দিয়ে বাড়তি সূতা কেটে নিন। এতে আপনার সেলাইয়ের শুরু কোথায় শেষ কোথায় বুঝা যাবেনা, আর সহজে খুলেও যাবেনা

এভাবে একটা ওড়না, বা জামার গলা, হাতা বা বাচ্চার জামার ঘেরে সূতার কাজ করে দেখন, কত সুন্দর দেখায়।কাপড়টা সহজে পুরানোও হয়না।

আর প্রিয়জনের জন্য এটা হতে পারে এক অমূল্য উপহার

Friday, April 1, 2016

বৈশাখী শাড়ি

কিছুদিন পর আসছে পহেলা বৈশাখ। আপনি কি আপনার বাচ্চাদের জন্য শাড়ি কেনার কথা ভাবছেন?

আজ আমি আপনাদের বলব কিভাবে আমি আমার বাচ্চাদের জন্য বৈশাখী শাড়ি বানিয়েছি।
স্বাগত আমার শখের দুনিয়া শখের ব্লগে।

বাচ্চাদের বৈশাখী শাড়ি বানানোর বুদ্ধিটা এসেছে একটা ডিজাইনার শাড়ি দেখে। আমার বড় মেয়ের বয়স যখন পোনে দুই বছর, তার বাবা তার জন্য একটা বৈশাখী শাড়ি শখ করে কিনেছিল একটা ব্র্যান্ডের দোকান থাকে। শাড়িটা ছিল সাধারণ সূতি কাপড়ের তৈরী, আর কুচি গুলোও সেলাই করে স্কারটের মত করে জুড়ে দেয়া ছিল। শুধু মাথা গলিয়ে পরিয়ে দিলেই হল। কিন্তু সাদা শাড়ি, আর ধোয়ার পর লাল ব্লকগুলোও হালকা হয়ে গেল। তখন মনে হল, এতগুলো টাকা শুধু শুধু নষ্ট হল।

গতবার পয়লা বৈশাখে তাই আমি নিজেই কাপড় কিনে শাড়ি বানাতে শুরু করলাম।

বাচ্চাদের বৈশাখের রঙ গাঢ় হলে ভাল হয়, উৎসবের আমেজটাও আসে, আর সহজে ময়লা হবেনা। সেজন্য আমি নিয়েছি সাধারণ সুতী কাপড়-  লালের ভিতর কালো বল-প্রিন্টের কাপড়। এই কাপড় গুলি দামে সস্তা। পরতেও আরাম। বাচ্চাদের শাড়ি বানানোর জন্য একদম সঠিক পছন্দ। 
দুই মেয়ের জন্য বানাতে আমি পাঁচ গজ কাপড় কিনেছি। পাড় বানানোর জন্য সাদা কালো ছোট ফুলের প্রিন্টের আর সাদার ভিতর লাল স্ট্রাইপ দেখে এক গজ করে পাতলা সূতির কাপড় কিনেছি। আর উৎসবের ভাব আনার জন্য নিয়েছি সোনালী রঙের দেড় ইঞ্ছি পুরু লেইত- আট গজ। আমার কেনাকাটায় এই লেইস-টাই ছিল সবচেয়ে দামী। তবে শাড়ি ছোট বা নষ্ট হয়ে গেলে লেইসটা খুলে বাচ্চাদের অন্য কাপড়ে যেকোন সময়ে লাগিয়ে দেয়া যাবে।

প্রথমে পুরো কাপড়টা একসাথে থাকা অবস্থায় বড় মেয়েকে কুচি দিয়ে পরিয়ে দেখে নিয়েছি ওর কতটুকু লাগবে, সেই মাপে কাপড় দুই ভাগ করে নিয়েছি। দুই হাত বহর তাই আর আমার ৪বছরের মেয়ের জন্য কোন কাপড় কেটে খাটো করতে হয়নি। ছোটজন,৩ বছরের, ওর লম্বা অনুসারে  কাপড় আড় থেকে আড়াই ইঞ্চি মত কেটে নিতে হয়েছে।

এবার পাড় বানানোর জন্য বিপরীত রঙের কাপড় টি চার ইঞ্চি পুরু করে টুকরো করে কাটুন। পাশে পাশে জুড়ে একটি লম্বা ফিতা বানান।
পাড়ের কাপড়ের টুকরো গুলোর দুই মাথা আধা ইঞ্ছি ক্রে দুই পাশে ভেঙ্গে ইস্ত্রি করে নিন।

এবার শাড়ী বিছিয়ে তার উপর পাড়ের কাপড় জায়গামত রেখে পিন থিয়ে আটকে নি্ন। চাইলে বড় বড় ফোড় দিয়ে টাকিয়ে নিতে পারেন।

এবার মেশিনে সেলাই করে আ্টকে নিন।
এবার লেস লাগানোর পালা। পাড়ের ভিতর দিকে লেইসটি লাগান।এতে লেইসের জরির সূতা দিয়ে  বাচ্চার হাতে পায়ে খোঁচা লাগবেনা, বা লেসটি সহজে নষ্ট হবেনা।

এবার ব্লাউজ আর পেটিকোটের পালা।

আমি প্রচলিত নিয়মে ব্লাউজ বানাতে জানিনা। তাই বাচ্চার গায়ের মাপ নিয়ে তার চেয়ে ঢিলা আর লম্বা করে একটি টপস কেটেছি -জামার টপসের মত।
জামার টপসের মত ব্লাউজটির কাটা রেখেছি পিছন দিকে। এতে ব্লাউজটি পরানো আমার জন্য সহজ। জামার মত করেই টিপ বোতাম লাগিয়েছি। হাত হবে ঘটি হাতা। হাত আর কোমরে চিকন ইলাস্টিক রাবার লাগিয়েছি।এতে ব্লাউজটি আঁটসাঁট হবেনা আবার খুব ঢিলাও দেখাবে না। বাচ্চার গায়ের সাথে লেগে থাকবেনা, বাতাস চলাচল করতে পারবে, অর্থাৎ বাচ্চার জন্য আরামদায়ক। আবার খুব তাড়াতাড়ি ছোটও হয়ে যাবেনা। বছর দুয়েকের মধ্যে যে কোন  অনুষ্ঠানে আবার এইটিই তাকে পরাতে পারবেন।

পেটিকোট বানিয়েছি একদম সাধারণ ছয় ছাটের করে। এভাবে বানানো আমরা আমাদের ক্লাস এইট- নাইনের গাহস্থ্য বইতে শিখেছিলাম।

এবার অনুষ্ঠানের দিন পরানোর পালা। শাড়িটি পরিয়ে ভালো করে সেফটিপিন লাগিয়ে দিন। বাচ্চারা শাড়ি পরতে খুব ভালোবাসে। তাকে বলুন যে শাড়ি পরে তাকে খুব সুন্দর লাগছে। এতে তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। জুতা একদম নিচু হলে ভাল হয়। তাহলে এই নতুন পোষাক পরে হাঁটতে বাচ্চার কোন সমস্যা হবেনা।
মেলা, ঘুরাঘুরি বা দাওয়াতে বাচ্চাকে শাড়ি পরিয়ে নিয়ে যাওয়ার সময় তার আরামের দিকে খেয়াল রাখুন। সাথে পানি, রুমাল, পাখার সাথে সাথে এক সেট বাড়তি জামা রাখুন, যেন হঠাত করে শিশু ক্লান্ত বোধ করলে তাড়াতাড়ি তার জামা বদলে দিতে পারেন।

ধন্যবাদ।