Thursday, May 19, 2016

হাতে বানানো কুশির লেইস

একসময় ছিল,আমাদের মায়েরা  সালোয়ার কামিজে, ওড়নায়,শাড়ির আঁচল, ব্লাউজের হাতা বা পেটিকোটে কুসির লেইস বানাতো। এমনকি বালিশের ওয়াড়, আলমিরার আয়নার ঢাকনির ধারে, রুমালে বা টেবিল ক্লথে, যে কোন হাতের কাজের জিনিসেই বাহারী লেইস চোখে পড়ত। কুশির কাজ নিয়ে বলতে গেলে শেষ হবেনা, আমাদের আছে এর গৌরবম্য সমৃদ্ধ ঐতিহ্য। তবে অনেক সময় নিয়ে ধৈর্য ধরে বসে বানাতে হয় বলে আস্তে আস্তে আমাদের কাছ থেকে হারিয়ে যেতে বসেছে এই কুশির সেলাই। মনে হয় যেন এই কঠিন সূতের কাজ নানী- দাদী রাই বানাবে। আসলে তা না। সময়ের অভাবে বড় কিছু না হোক, শখ মেটাতে ছোট খাটো কুশির সেলাই আমরা করতেই পারি। আর তাই আজ আমি আপনাদের বলব, কিভাবে আমি আমি আমার ওড়নার ধারে খুব সহজ কুশির লেইস বানিয়েছি।


আমি খুব ভালো কুশির সেলাই জানিনা, শিখেছি আমার মায়ের কাছে থেকে। তার আলোকেই আজ আপনাদের এই সেলাই নিয়ে কিছু প্রারম্ভিক ধারণা দেয়ার চেষ্টা করব।

প্রথনেই কাঁটা। কুশি কাঁটা নানা মাপের হয়। সূতার দোকানেই আপনি কুশির কাঁটা এওং সূতা পেয়ে যাবেন । সূতার কতটুকু মোটা নিবেন, তার উপর কাঁটা ও মোটা চিকন হয়। আমি যে কাঁটা ব্যাবহার করেছি, গায়ে লিখা 0.75 mm আর এটা সব  সূতার দোকানেই পাওয়া যায়। দামেও সস্তা (৪০-৫০/-)


দুই ধরণের কুশি সেলাই আছে। চেইন আর লং। লং সেলাইটা আবার নানা রকম হয়  তবে সব ধরণের লং এর সেলাই মূলত একই। আপনি যদি চেইন আর যেকোন একটা লং তুলতে পারেন, তাহলে আপনি যে কোন কুশির সেলাই তুলে ফেলতে পারবেন।

প্রথমে আমি ওড়নার এক মাথায় কাঁটা দিয়ে ছিদ্র করে সূতা ঢুকিয়ে একটা বিষ গিঠঠু দিয়ে সূতাটা ওড়নার সাথে আটকে নিয়েছি।
এরপর তিনটা চেইন তুলেছি।
যে কয়টা চেইন তুলবেন, আপনার লেইসটা তত টুকু চওড়া হবে।

চেইন তোলা খুব সহজ।

আপনার ডান হাতে থাকবে কাঁটা। বাম হাতের আঙ্গুলে সূতা পেঁচিয়ে টানটান করে নিন।
ডান হাতের কাঁটা কাপড়ের ছিদ্রে ঢুকান।
বাম হাতের সূতায় কাঁটা পেঁচিয়ে একটি ঘর তুলুল। হয়ে গেল আপনার প্রথম চেইন।
 একই ভাবে তিনটি চেইন তুলুন।


বাম হাতের সূতা বেশি টানটান হয়ে গেলে আপনি ডান হাতের কাঁটা আগু-পিছু করে আপনার সেলাই এবং ঘরে কতটুকু ঢিলা হবে ঠিক করে নিতে পারেন।

এবার লং তোলার পালা।
কাটায় দুই বার সূতা পেচান।

কাঁটা কাপড়ের ছিদ্রে ঢুকিয়ে নিন।

বাম হাতের সূতা থেকে একবার পেঁচিয়ে কাটায় তুলে নিন।


এখন আপনার কাটায় চার টা ঘর আছে।

এখন নতুন করে আরেকবার সূতা পেচান।
সূতাটা আগের দুই ঘরের ভিতর দিয়ে ঢুকিয়ে ঘর দুইটা ছেড়ে দিন

এখন আপনার কাটায় তিন ঘর আছে

এখন নতুন করে আরেকবার সূতা পেচান।


সূতাটা আগের দুই ঘরের ভিতর দিয়ে ঢুকিয়ে ঘর দুইটা ছেড়ে দিন

এখন আপনার কাটায় দুই ঘর আছে

এখন নতুন করে আরেকবার সূতা পেচান।

সূতাটা আগের দুই ঘরের ভিতর দিয়ে ঢুকিয়ে ঘর দুইটা ছেড়ে দিন

এখন আপনার কাটায় মাত্র এক টা ঘর আছে

হয়ে গেল আপনার একটা লং

এভাবে তনটি লং বানান।


চেইন তোলার মত করে  কাপড়ে আটকে নিন

পরের টুকু আবার রিপিট করুন- তিন চেইন, তিন লং

এভাবে শেষ পর্যন্ত এসে কিভাবে সূতা ছেড়ে দিবেন?  খুব সহজ। চেইনের ভিতর দিয়ে সূতা নিয়ে জোরে টেন নিন, একটা গিঁট পড়ে যাবে। বড় করে সূতা কেটে নিন, বাড়তি মাথাটুকু কাঁটা দিয়ে কুশির নকশার ভিতর দিয়ে টেনে নিন। তারপর আরেকটি গিঁট দিয়ে বাড়তি সূতা কেটে নিন। এতে আপনার সেলাইয়ের শুরু কোথায় শেষ কোথায় বুঝা যাবেনা, আর সহজে খুলেও যাবেনা

এভাবে একটা ওড়না, বা জামার গলা, হাতা বা বাচ্চার জামার ঘেরে সূতার কাজ করে দেখন, কত সুন্দর দেখায়।কাপড়টা সহজে পুরানোও হয়না।

আর প্রিয়জনের জন্য এটা হতে পারে এক অমূল্য উপহার

Friday, April 1, 2016

বৈশাখী শাড়ি

কিছুদিন পর আসছে পহেলা বৈশাখ। আপনি কি আপনার বাচ্চাদের জন্য শাড়ি কেনার কথা ভাবছেন?

আজ আমি আপনাদের বলব কিভাবে আমি আমার বাচ্চাদের জন্য বৈশাখী শাড়ি বানিয়েছি।
স্বাগত আমার শখের দুনিয়া শখের ব্লগে।

বাচ্চাদের বৈশাখী শাড়ি বানানোর বুদ্ধিটা এসেছে একটা ডিজাইনার শাড়ি দেখে। আমার বড় মেয়ের বয়স যখন পোনে দুই বছর, তার বাবা তার জন্য একটা বৈশাখী শাড়ি শখ করে কিনেছিল একটা ব্র্যান্ডের দোকান থাকে। শাড়িটা ছিল সাধারণ সূতি কাপড়ের তৈরী, আর কুচি গুলোও সেলাই করে স্কারটের মত করে জুড়ে দেয়া ছিল। শুধু মাথা গলিয়ে পরিয়ে দিলেই হল। কিন্তু সাদা শাড়ি, আর ধোয়ার পর লাল ব্লকগুলোও হালকা হয়ে গেল। তখন মনে হল, এতগুলো টাকা শুধু শুধু নষ্ট হল।

গতবার পয়লা বৈশাখে তাই আমি নিজেই কাপড় কিনে শাড়ি বানাতে শুরু করলাম।

বাচ্চাদের বৈশাখের রঙ গাঢ় হলে ভাল হয়, উৎসবের আমেজটাও আসে, আর সহজে ময়লা হবেনা। সেজন্য আমি নিয়েছি সাধারণ সুতী কাপড়-  লালের ভিতর কালো বল-প্রিন্টের কাপড়। এই কাপড় গুলি দামে সস্তা। পরতেও আরাম। বাচ্চাদের শাড়ি বানানোর জন্য একদম সঠিক পছন্দ। 
দুই মেয়ের জন্য বানাতে আমি পাঁচ গজ কাপড় কিনেছি। পাড় বানানোর জন্য সাদা কালো ছোট ফুলের প্রিন্টের আর সাদার ভিতর লাল স্ট্রাইপ দেখে এক গজ করে পাতলা সূতির কাপড় কিনেছি। আর উৎসবের ভাব আনার জন্য নিয়েছি সোনালী রঙের দেড় ইঞ্ছি পুরু লেইত- আট গজ। আমার কেনাকাটায় এই লেইস-টাই ছিল সবচেয়ে দামী। তবে শাড়ি ছোট বা নষ্ট হয়ে গেলে লেইসটা খুলে বাচ্চাদের অন্য কাপড়ে যেকোন সময়ে লাগিয়ে দেয়া যাবে।

প্রথমে পুরো কাপড়টা একসাথে থাকা অবস্থায় বড় মেয়েকে কুচি দিয়ে পরিয়ে দেখে নিয়েছি ওর কতটুকু লাগবে, সেই মাপে কাপড় দুই ভাগ করে নিয়েছি। দুই হাত বহর তাই আর আমার ৪বছরের মেয়ের জন্য কোন কাপড় কেটে খাটো করতে হয়নি। ছোটজন,৩ বছরের, ওর লম্বা অনুসারে  কাপড় আড় থেকে আড়াই ইঞ্চি মত কেটে নিতে হয়েছে।

এবার পাড় বানানোর জন্য বিপরীত রঙের কাপড় টি চার ইঞ্চি পুরু করে টুকরো করে কাটুন। পাশে পাশে জুড়ে একটি লম্বা ফিতা বানান।
পাড়ের কাপড়ের টুকরো গুলোর দুই মাথা আধা ইঞ্ছি ক্রে দুই পাশে ভেঙ্গে ইস্ত্রি করে নিন।

এবার শাড়ী বিছিয়ে তার উপর পাড়ের কাপড় জায়গামত রেখে পিন থিয়ে আটকে নি্ন। চাইলে বড় বড় ফোড় দিয়ে টাকিয়ে নিতে পারেন।

এবার মেশিনে সেলাই করে আ্টকে নিন।
এবার লেস লাগানোর পালা। পাড়ের ভিতর দিকে লেইসটি লাগান।এতে লেইসের জরির সূতা দিয়ে  বাচ্চার হাতে পায়ে খোঁচা লাগবেনা, বা লেসটি সহজে নষ্ট হবেনা।

এবার ব্লাউজ আর পেটিকোটের পালা।

আমি প্রচলিত নিয়মে ব্লাউজ বানাতে জানিনা। তাই বাচ্চার গায়ের মাপ নিয়ে তার চেয়ে ঢিলা আর লম্বা করে একটি টপস কেটেছি -জামার টপসের মত।
জামার টপসের মত ব্লাউজটির কাটা রেখেছি পিছন দিকে। এতে ব্লাউজটি পরানো আমার জন্য সহজ। জামার মত করেই টিপ বোতাম লাগিয়েছি। হাত হবে ঘটি হাতা। হাত আর কোমরে চিকন ইলাস্টিক রাবার লাগিয়েছি।এতে ব্লাউজটি আঁটসাঁট হবেনা আবার খুব ঢিলাও দেখাবে না। বাচ্চার গায়ের সাথে লেগে থাকবেনা, বাতাস চলাচল করতে পারবে, অর্থাৎ বাচ্চার জন্য আরামদায়ক। আবার খুব তাড়াতাড়ি ছোটও হয়ে যাবেনা। বছর দুয়েকের মধ্যে যে কোন  অনুষ্ঠানে আবার এইটিই তাকে পরাতে পারবেন।

পেটিকোট বানিয়েছি একদম সাধারণ ছয় ছাটের করে। এভাবে বানানো আমরা আমাদের ক্লাস এইট- নাইনের গাহস্থ্য বইতে শিখেছিলাম।

এবার অনুষ্ঠানের দিন পরানোর পালা। শাড়িটি পরিয়ে ভালো করে সেফটিপিন লাগিয়ে দিন। বাচ্চারা শাড়ি পরতে খুব ভালোবাসে। তাকে বলুন যে শাড়ি পরে তাকে খুব সুন্দর লাগছে। এতে তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। জুতা একদম নিচু হলে ভাল হয়। তাহলে এই নতুন পোষাক পরে হাঁটতে বাচ্চার কোন সমস্যা হবেনা।
মেলা, ঘুরাঘুরি বা দাওয়াতে বাচ্চাকে শাড়ি পরিয়ে নিয়ে যাওয়ার সময় তার আরামের দিকে খেয়াল রাখুন। সাথে পানি, রুমাল, পাখার সাথে সাথে এক সেট বাড়তি জামা রাখুন, যেন হঠাত করে শিশু ক্লান্ত বোধ করলে তাড়াতাড়ি তার জামা বদলে দিতে পারেন।

ধন্যবাদ।

Saturday, March 26, 2016

খেলার জন্য খেলার জামা

বাচ্চাদের একটা নিজস্ব কল্পনার জগত আছে। কি গভীর ভাবে মগ্ন হয়ে ঘন্টার পর ঘন্টা তারা এই আপন ভুবনে কাটিয়ে দিতে পারে। তার এই কল্পনার জগতে চলে যাওয়ার মূল উপায় হল খেলা। কখনো সে সাজে শক্তিশালী বীর, মা কে উদ্ধার করে রাক্ষস খোক্কসের কবল থেকে, কখনো চলে পুতুলের মা হয়ে তাদের যত্ন আত্তি, রান্না বান্না, স্কুল। মনে আছে আমি যখন ছোট ছিলাম, কাঠগোলার বাসাতে প্রতিদিন বিকালে বাসার নিচে খেলতে নামতাম। বিশাল বিশাল কাঠের গুড়ি জড়ো করা ছিল,  সেইগুলিতে আমার ছোটভাই আর সমবয়সী বন্ধুদের সাথে জাহাজ জাহাজ খেলতাম। সন্ধ্যা গড়ালেও সেই কল্পনার জাহাজ, সমুদ্র, ঢেউ, জলদস্যু ফেলে উপরে আসতে একদম ইচ্ছা করত না। মায়ের বকুনিও যেন শুনতে পেতাম না খেলার নেশায়।

তবে এখনকার বাচ্চাদের সেই দুরন্ত শৈশব নেই।
কল্পনার জগতটাও কার্টুন ছবি কে ঘিরে।
বাবা মা হিসেবে সবাই আমরা চাই, সীমাবদ্ধতার মাঝেও সন্তানকে সবটুকু আনন্দের যোগান দিতে। সেই ইচ্ছা থেকেই আজ আমি আপনাদের বলব কিভাবে আমি আমার বাচ্চাদের খেলার পোশাক বানিয়ে দিয়েছি।

স্বাগত আমার শখের দুনিয়া, শখের ব্লগে।

মূলত আমি এই বুদ্ধি পেয়েছি একটি ইউটিউব ভিডিও থেকে। আমি সহজে বাচ্চাদের জামা বানানোর কৌশল খুঁজছিলাম, তখন এক মায়ের পোস্ট করা একটা ভিডিও দেখে আমিও বাচ্চাদের এলসা -আনার জামা বানাতে বসলাম

এইজন্য প্রথমে বাচ্চার একটি পুরানো গেঞ্জি নিয়েছি। চাইলে নতুন কাপড় কিনেও বানাতে পারেন। বাচ্চার মাপে গেঞ্জি নিলে সুবিধা হল, কষ্ট করে মাপ নিয়ে টপ্স টুকু আর বানাতে হবেনা। যারা সেলাই ফোঁড়াই করেন, তারা জানেন, টপস বানানোর অংটুকুই বেশি ঝামেলার কাজ।
চাইলে গেঞ্জির সেলাই খুলে পছন্দমত কাপড় বসিয়ে নিতে পারেন।
বা গেঞ্জিটার যে অংশে লেখা বা ছবি আছে শুধু সেইটুকু ঢেকে নিন। লেস লাগিয়ে নকশা করে নিতে পারেন।

এবার নিচের ঘের বানানো জন্য আপনি একই ভাবে নতুন কাপড়, বা পুরান ওড়না বা শাড়ির টুকরা ব্যাবহার করতে পারেন। পা পর্যন্ত লম্বা মাপ নিয়ে কাপড় কেটে নিন। নইচে ভাঙুন।  দুই মাথা জুড়ে নিন।
এবার টপ্সের সাথে জোড়া দিতে হব্র।
সেজন্য টপসটি সোজা দিকে রাখুন। ঘেরের কাপড়টি উলটে নিন।
আপনি একপাশের সেলাই থেকে সেলাই শুরু করবেন। তাহলে জামার কিনার বরাবর সেলাই পরবে। মাঝ বরাবর সেলাই পরলে দেখতে ভালাও লাগবেনা
প্রথমে কাপড় দুটি একটির সাথে আরেকটি আটকে নিন।
এবার অন্যপ্রান্ত পিন বা সেফটি পিন দিয়ে আটকে নিন। এতে সামনে পইছনে কুচির পরিমাণ সমান থাকবে।
চাইলে প্রথমে ঘেরের কাপড়টি বড় বড় ফোড় দিয়ে টাকিয়ে নিয়ে পরে টপ্সের সাথে জুড়তে পারেন।
এবার কাপড় দুটি জোড়ার সময় খেয়াল রাখবেন, টপদ থাকবে টানটান আর ঘেরের কাপড়টি হবে কুচি কূচী।


টপ্স আর ঘের লাগানো হলে একই সেলাই বরাবর আরেক লেয়ার সুতি কাপরের লাইনিন লাগাতে পারেন। বিষেষ করে জামাটির কাপড় যদি সিন্থেটিক হয়। এছাড়ক লাইনিন লাগালে জামাটি ফোলা ফোলা হবে, যেটা বাচ্চারা পছন্দ করে।
আমি অল্প কাপড় দিয়ে বানিয়েছি বলে জামার একপাশে একটি কাটা রেখেছি। যেন খেলার সময় দৌড়াদৌড়ি করতে গিয়ে বাচ্চারা পরে না যায়। তাছাড়া এলসার জামাতে এমন একটা কাটা আছে। তাই এই কাটা দেখে বাচ্চারা আরো খুশি হয়।

এবার পিছনের ঝালর।
একটি পাতলা ওড়না মাপনত কেটে কুচি কুচি করে পিঠের কাপড়ের সাথে আটকে দিন।

হয়ে গেল বাচ্চার খেলার প্রিন্সেস ড্রেস।

সাথে এমন এক সংগী রাজকন্যা থাকলে তো কথাই নেই। মনের আনন্দে খেলতে থাকবে আপনার প্রিন্সেস।
আসলে বাচ্চাদের প্রিন্সেস আদলে কেনা পার্টি ড্রেস গুলোতো শুধু বেড়ানোর সময়েই পরানো হয়। আর তখনো খেয়াল থাকে যেন সেটা ময়লা না হয়, বা ছিঁড়ে ফেটে না যায়।তাই সেই জামা পরে খেলতেও বারণ।

আপনি কি ইতস্তত করছেন? কেমন হবে ব্যাপারটা? মোটেই না। একটা খেলার জামা এভাবে বানিয়েই দেখুন না ওদের আনন্দের বন্যা
আর আমার মত আনাড়ি হলেও কিচ্ছুটি হবেনা। খেলার জামাই তো, অত নিখুঁত হওয়ার প্রয়োজন নেই। খরচ নেই বললেই চলে, শুধু দরকার ঘন্টাখানেক সময়।

কেমন লাগল বলুন বুদ্ধিটা?
অসংখ্য ধন্যবাদ।

Thursday, March 24, 2016

হাতে বানানো গয়না






সবাই কে স্বাগত আমার শখের দুনিয়া শখের ব্লগে।

আজ আপনাদের বলব কুশি কাটার সেলাই নিয়ে।
আমার মায়ের কাছ থেকে কুশি কাটার সেলাই করা শিখেছি সেই ছোট্টবেলায়।
একটা ফস্কা গেরো দিয়ে তার ভিতর দিয়ে সূতা টেনে নিয়ে এসে হয় 'চেইন'। আর 'লং' করার জন্য একটা বেইজ লাগে। হয় একটা চেইন ফোড় দিয়ে বানানো গোল বা শুধু একটা চেইন। বা কাপড়, যদি লেইস বানাতে চান।
সেজন্য আগে কতটুকু লম্বা লং বানাতে চান, সে কয়টা চেইন তুলুন।কাটায় একবার সুতা পেচান। বেইজে আটকান সূতা পেচিয়ে।আপনার কাটায় এখন তিনটা সূতা। বাইরে থেকে নতুন সূতা টেনে প্রথমে দুই ঘর ছাড়ুন।কাটায় আছে দুই প্যাচ। এখন আবার সুতা টেনে  ঘর দুটা ছেড়ে দিন। ব্যাস।

আমি আজ কুশি দিয়ে আংটি বানিয়েছি।


প্রথমে চারটা চেইন তুলেছি।
প্রথম আর শেষ চেইন বন্ধ করে গোল বানিয়েছি। এইটা আপনার ফুলের বেইজ।
এবার একঘর চেইন তুলেছি।

এখন লং। তবে এক প্যাচের লং না, দুই প্যাচের লং। লং করার নিয়ম একই শুধু মাঝের সূতাটুকু দুইবার পেচাতে হয়।
এরকম চারটা লং তুলুন
এবার চেইন তোলার মত করে ঘরটা আটকে দিন বেইজের সাথে। হয়ে গেল একটি পাপড়ি
এভাবে চার বা পাচটি পাপড়ি বানান

লক্ষ্য করুন, সেলাই যেন গোল বেইজের চারদিক ঘিরে হয়, তাহলে পাপড়ি গুলো আপনি পছন্দ মত আঁটসাঁট করে নিতে পারবেন।

এবার আঙুলের মাপ নিয়ে চেইন তুলুন।
চেইন এর আরেক মাথা ফুলের অন্যপাশের পাপড়ির সাথে আটকে দিন।

এবার আংটির টুকুকে মজবুত করতে চেইনকে বেইজ ধরে এক ঘরের লং তুলতে থাকুন।লং গুলো আঁটসাঁট করে নিন।

হয়ে গেল আপনার হাতে বানানো গয়না।
বাড়তি সুতা গুলো কাটার সময় বর করে কাটুন।পুরো জিনিসটা বানানো হয়ে গেলে কাটা ঘুরিয়ে নিচে সূতা এনে গিট দিয়ে চোখে পরেনা এমন ভাবে কেটে দিন।

বাচ্চাদের খুব প্রিয় এমন আংটি। সুতার, তাই আঙুলে ব্যথা পাবেনা। চার বছর বয়সীদের জন্য হয়ে পারে চমৎকার উপহার। একদম ছোট বাচ্চাকেও পরিয়ে দিতে পারেন। তবে সে যদি আংগুল থেকে নিজেই খুলে ফেলতে পারে (১ থেকে ৩বছর) তাহলে না দেয়াই ভাল, কারণ আপনি লক্ষ্য করার আগেই সে মুখে পুরে দিতে পারে এই ছোট্ট জিনিসটি

আপনার পোষাকের সাথে রং  মিলিয়ে পুতি বসিয়ে নিজের জন্যও বানাতে পারেন এই অভিনব আংটি।













 মাত্র দশ মিনিটে বানানো এই ছোট্ট গয়নাটি আপনাকে দিতে পারে অতুলনীয় আনন্দ।
ধন্যবাদ।

Wednesday, March 16, 2016

প্রাণজুড়ানো বেলের শরবত


সবাই কে স্বাগত শখের দুনিয়া শখের ব্লগে।

গরমে বেলের শরবত কার না ভালো লাগে! আমার বাসায় সবারই খুব পছন্দ।
কিন্তু এই শরবত বানানোর অনেক ঝামেলা। কারণ বেলে অনেক আঁশ থাকে, বিচি ও পিচ্ছিল। ছোটবেলায় দেখেছি, বেলের শরবত বানানো মানে অনেক কারিগরি। প্রথমে আমরা ছোটরা বেল ফাটিয়ে চামচে তুলে দিতাম। নানী খাওয়ার টেবিলে বসে শরবত বানাতো। চালনিতে চেলে ছাকনি তে ছেকে চলত আশ দূর করার কাজ। আর তারপরও খেতে গেলে আশ থাকবেই।এতগুলো বাসন কোসন লাগত যে পরে সেগুলো ধুতে গিয়ে মেজাজ খারাপ হওয়াই স্বাভাবিক।

আজ আমি বলছি সাত তাড়াতাড়ি কিভাবে বেলের শরবত বানানো যায়।
এজন্য বেশি তৈজসপত্র এঁটো করতে হবেনা। দরকার বড় একটি গামলা একটি জগ
আর একটি বড় স্টিলের ঝাঁঝরি।  সাধারণত বড় ঝাঁঝরি নুডলস রান্নার সময়ই ব্যবহ্রিত হয়। এই ঝাঁঝরি অন্য অনেক কাজে ব্যাবহার করতে পারবেন, তার একটা হল বেলের শরবত বানানোয়।

প্রথমে বেল তুলে নিন।


গামলায় পানি দিয়ে বেল আশ আর বিচি সহ চটকে শরবত বানান।
শরবতটি জগে নিন। এখন ঝাঁঝরি গামলায় বসিয়ে শরবতটুকু ছেকে নিন।

তরল অংশটুকু তাড়াতাড়ি ছাকা হয়ে যাবে।ঘন অংশ টুকু হাতে ঘষে ঘষে ছেকে নিন।
 এখন সরবতে চিনি মিশান। দুধ বা দই দিতে পারেন সাথে।
ঠান্ডা করে বা বরফ মিশিয়ে পরিবেশন করুন প্রাণজুড়নো বেলের শরবত।
ধন্যবাদ।




Tuesday, March 15, 2016

অবসরে পাপোস বানান


আমরা, এই সময়ের মানুষ সব সময়েই ছুটে চলেছি চরম ব্যস্ততায়।
নানান কাজের তাড়া আমাদের। সময়ের আগে যেন সব শেষ করা চাই।
এই ব্যস্ততা যেন এক ব্যাধিতে রূপ নিয়েছে। তাই, একখন্ড অবসর পেলেও
তা উপভোগ করতে ভুলে গেছি। অবসর যাপন কে মনে হতে থাকে বুঝি সময় নষ্ট করছি।
এই অদ্ভুত সমস্যা থেকে পরিত্রাণের একটা পরীক্ষিত উপায়
হল সৃষ্টিশীল কাজে নিজেকে নিয়োজিত করা। তাই আমি বেছে নিয়েছি
ছোট্ট ছোট্ট সৃষ্টিশীল কাজে ছোট্ট একটু সময় বরাদ্দ রাখা।

আজ বলব সেই ধারাবাহিতায় আমার নতুন শেখা একটি পাপোস বানানোর গল্প।
স্বাগত আমার শখের দুনিয়া : শখের ব্লগে।

মজার ব্যাপার হল, পাপোসটি আমি বানিয়েছি ঘরে থাকা পুরোনো গেঞ্জি এবং 
ট্রাউজারের কাপড় দিয়ে। তাই এটা একই সাথে সস্তা এবং প্রয়োজনীয়।

প্রথমে পছন্দসই কাপড় সেলাই বাদে লম্বা লম্বা করে কেটে নিন।









কাপড়ের খন্ডটি লম্বালম্বি ভাবে টান দিয়ে দেখুন দুই প্রান্ত গোল হয়ে পেচিয়ে যাবে।









এখন দুই আঙুলে একটি খন্ড পেচিয়ে একটি ফস্কা গেরো দিন। হয়ে গেল আপনার প্রথম চেইন।




















এভাবে লম্বা একটি বেণী তৈরী হবে
একটি খন্ড বোনা শেষ হলে আরেকটির সাথে জোড়া দেয়া খুব সহজ। এইজন্য আপনার শুধু লাগবে একটি কেঁচি


পুরানো এবং নতুন কাপড়ের খন্ড একসাথে নিয়ে আড়ায়াড়ি করে ভাজ করুন। কাপড় দুটিতে একটি করে ছিদ্র করুন কেচি দিয়ে।
এখন ভাজ খুলে একটি খন্ডের উপর অন্য খন্ডটি বিছান। নতুন খন্ডের লেজ ধরে ঘুরিয়ে ছিদ্র দিয়ে বের করে দিন। শক্ত করে টানুন। দুই কাপড়ের মাঝে একটি গিঁট পড়বে।




























এখন আগের মতই চেইন বানাতে থাকুন।

পুরো বেনী বানানো হয়ে গেলে একমাথা থেকে পেচান এবং সেলাই করে আটকে দিতে থাকুন। গোল একটি পাপোস তৈরী হবে।











এখন একটি কাপড়ের শপিং ব্যাগের উপর সেলাই করে বসিয়ে দিন। তাহলে আর আপনার পাপোসটি টাইলসের মেঝেতে কুঁচকে বা পিছলে যাবেনা। বরং মজবুত হবে।

'










এখন শপিং ব্যাগের বাড়তি অংশ কেটে ফেলুন। হয়ে গেল আপনার হাতে বানানো সহজ সুন্দর প্রয়োজনীয় একটি জিনিস।পাপোসটি রাখতে পারেন আপনার বিছানার পাশে। গেঞ্জির কাপড়ে বোনা  বলে এটি নরম আর পানি শোষোণ করতে পারে অনেক বেশি। তাই বাথরুমের সামনেও রাখতে পারেন।
পছন্দমত রঙের কাপড় নিয়ে খেলুন। যত বব্যস্তই হোন, দেখবেন পাপোসটির দিকে চোখ পড়বেই আর এক নিমিষেই দূর হয়ে যাবে দুশ্চিন্তার বাড়তি চাপ।
ধন্যবাদ।


Monday, March 14, 2016

চটজলদি বরই আচার




আপনি কি আমার মতই টক খেতে ভালোবাসেন, কিন্তু রান্নাবান্নায়
খুব পটু নন? তাহলে এই লেখাটা আপনার খুব কাজে লাগবে।
আজ বলছি আমার নিজের টেকনিকে চটজলদি আচার বানানোর কথা।
স্বাগত আমার শখের দুনিয়া : শখের ব্লগে।

আমার নানী খুব ভাল আচার বানাতে পারতেন। উনার হাতের আমের
পলসীর আচার, জলপাই এর তেলের আচার, আমের টক মিষ্টি আচার,
আমের তেলের আচার, একটার চেয়ে একটা হত লোভনীয় আর মজা হত।
তবে তখনকার দিনে আচার বানানো ছিল কষ্টসাধ্য। আচার বানানোর বিশাল
কর্মযজ্ঞ দেখে ভয় পেয়ে যেতাম। এক সময় মনে হতে থাকল, আর যাই হোক আচার বানানো আমাকে দিয়ে হবেনা।

একদিন সাহস করে নানীর কথা।মনে করে আমের একটি আচার দিয়ে চেষ্টা করে দেখলাম, খুব কঠিন নয়।। আত্মবিশ্বাস বেড়ে গেল।চটজলদি বানানোর
জন্য কিছু বুদ্ধি বের করলাম।

১. শুকনো এবং ঘরে বহুদিন রাখা যায় এমন কিছু জিনিস সংগ্রহে রাখুন। যেন
প্রতিবার আচার বানাওর জন্য একদম গোড়া থেকে শুরু করতে না হয়
যেমন- সরিষার তেল, শুকনা মরিচ, চিনি, লবণ, ভিনিগার, পাঁচফোড়ন,গুড়।
আমি একদিন সময় বের করে পাঁচফোড়ন ঝেড়ে ভেজে ব্লেন্ডারে গুড়ো করে  রেখে দিয়েছি। তাই যখন খুশি আচার বানাতে বসে যাই।

২. তৈজস পত্র বাছাই- টক জিনিস সবসময় লোহার কড়াইয়ে সিদ্ধ দিতে হয়। এলুমিনিয়াম এর জিনিসে টক রাখলে তিতা হয়ে যায়। নাড়ার কন্য দরকার কাঠের চামচ।

৩. ভাল করে লক্ষ্য করুন, বালি নেই তো? বারে বারে বরই ধুয়ে নিন।শুকনা মরিচ বা অন্য মশলা গুলোও ভাল করে বেছে নিন।না হলে আপনার সব কষ্ট পন্ড হবে

৪. মাঝে মাঝে বয়ামগুলো রোদে রেখে দিন। আচার ভালো থাকবে।

এখন বলছি, প্রস্তুত প্রণালী:
প্রথমে বরই ও তেতুল সিদ্ধ করে তাতে গুড় দিয়ে জ্বাল করেছি।
সিদ্ধ সবকিছু ঘুটনী দিয়ে ভালোমত ঘুটে নিয়েছি।। চাইলে আপনি বিচিগুলো চেলে
ফেলে দিতে পারেন।
একটা কড়াইয়ে সরিষার তেল, পাঁচফোড়ন গুড়া শুকনা মরিচ কিছুখন ভেজে আচারের মিশ্রণ ঢেলে দিন। একটু ভিনিগার দিন। স্বাদমত লবণ, জিরার গুড়া,ধনিয়ার গুড়া, মরিচের গুড়া দিন।
অল্প আঁচে বসিয়ে রাখুন।মাঝে মাঝে নেড়ে দিন।

ব্যাস হয়ে হয়ে গেল চটজলদি বরই এর আচার। একই ভাবে মৌসুমি অন্য ফল দিয়েও বানিয়ে ফেলতে পারেন আচার।
ঠান্ডা হলে পরিবেশন করুন আর আমার সাথে শেয়ার করুন আপনার আচার তৈরী করার গল্প।
ধন্যবাদ।